খবরবাংলা ডেস্ক :
মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সেলেসাওদের খোঁচা দিয়ে আলোচনায় এসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্টো শিওগাই।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের দাবি, ব্রাজিল আর ফুটবলের পরাশক্তি নয়। তার মতে, বর্তমানে বিশ্ব ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল হলো ফ্রান্স ও আর্জেন্টিনা।
শিওগাই বলেন, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। এখন তাদের খবরই বা কী? তাদের সম্পর্কে আজকাল তেমন কিছুই শোনা যায় না। আমার মনে হয়, এখন ফ্রান্স এবং আর্জেন্টিনাই সবচেয়ে শক্তিশালী দল।’
আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শিওগাইয়ের মন্তব্য দুই দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
তবে জাপানি ফরোয়ার্ডের মন্তব্যের জবাব দিয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। তিনি বলেন, ‘এটা হয়তো তাদের আত্মবিশ্বাস বা অহংকারেরই অংশ। কিন্তু ব্রাজিল এখনো দুর্দান্ত একটি দল। মাঠেই আমাদের প্রকৃত শক্তি দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ওদের কথাবার্তা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আমরা চাই প্রতিটি বলের জন্য লড়তে এবং যেভাবে ম্যাচ জেতা উচিত, ঠিক সেভাবেই জয় তুলে নিতে।’
এখন দেখার বিষয়, কথার লড়াই শেষে হিউস্টনের মাঠে শেষ হাসি হাসে ব্রাজিল, নাকি চমক দেখায় জাপান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











