খবরবাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাও সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৪ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে। একই সময়ে আগস্টের সোনার ফিউচার মূল্য শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯ ডলার ৫০ সেন্ট।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ১১ শতাংশ বেড়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭৩ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারসংশ্লিষ্টরা।
এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
অন্যদিকে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











