মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হাতের রগ কেটে অপু মণ্ডল শুভ (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই গন্তব্যপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অপু মণ্ডল বাসা থেকে বের হন। পরে রাত আড়াইটার দিকে সোহাগপাড়া বাজার এলাকায় গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।











