খবরবাংলা ডেস্ক :
রাজধানীর মৌচাক-মালিবাগের আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলার আসামি মোতাহার হোসেনকে জুলাই আন্দোলনের সময় মো. জসিম হত্যা মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মো. জসিম হত্যা মামলায় দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে এদিন মোতাহারকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুনুর রশিদ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মোতাহারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ।
এর আগে একই মামলায় আদালত প্রথম দফায় মোতাহারের চার দিনের এবং দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার অভিযোগ কী
এর আগে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মোতাহার হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে তিনি অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
যেভাবে হত্যা করা হয় জসিমকে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দীন সড়কে ঢাকা ব্যাংকের সামনে মো. জসিম গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়। এজাহারে মোতাহার হোসেনকে ১৯৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।











