খবরবাংলা ডেস্ক :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ মাদরাসাটিতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক রয়েছেন প্রায় সমসংখ্যক—১৭ জন।
শতভাগ শিক্ষার্থী ফেল করায় মাদরাসাটির শিক্ষকদের পাঠদানে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গত এক দশক ধরে প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষার ফলাফল আশানুরূপ নয়। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়েও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে সেখানে ১৭ জন শিক্ষক ও চারজন কর্মচারী কর্মরত। তবে পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ বিভিন্ন অবকাঠামোগত সংকট রয়েছে। চলনবিলের প্রত্যন্ত এলাকায় উপজেলা সদর থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিয়েও স্থানীয়দের অভিযোগ রয়েছে।
গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, শিক্ষকরা নিয়মিত মাদরাসায় আসেন না এবং ঠিকমতো পাঠদানও করেন না। এ কারণে অভিভাবকেরা সন্তানদের ওই মাদরাসায় ভর্তি করতে আগ্রহ হারাচ্ছেন। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সংখ্যা কমছে এবং ফলাফলও খারাপ হচ্ছে।
অভিযোগের বিষয়ে মাদরাসার সুপার জাকির হোসাইন বলেন, শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা না করায় ফলাফল খারাপ হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, মাদরাসাটির ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











