খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নতুন সুযোগ পেয়েছেন জেক ওয়েদারাল্ড। আগামী মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।
আগামী বছর অ্যাশেজের আগে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে অংশ নেবেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়া দলে ফেরার কঠিন সময়ে কাউন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।
গত অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ওয়েদারাল্ডের। প্রায় এক দশক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর টেস্টে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। পুরো সিরিজে ১০ ইনিংসে মাত্র একটি অর্ধশতক করেন।
নতুন মৌসুমের শুরুতেও নির্বাচকদের আস্থা পেয়েছিলেন ওয়েদারাল্ড। তবে বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।
অস্ট্রেলিয়া দলে দ্রুত ফেরার সুযোগ কঠিন হলেও কাউন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দলে জায়গা পাওয়ার দাবি জোরালো করতে পারবেন ওয়েদারাল্ড।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে লেস্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি। ৯ ইনিংসে ৬০.৩৭ গড়ে করেছেন ৪৩৭ রান।
ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়েদারাল্ড বলেন, ২০২৭ মৌসুমে দলটির অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। এজবাস্টনের মতো বিশ্বমানের মাঠে খেলা এবং মর্যাদাপূর্ণ কাউন্টি দলের প্রতিনিধিত্ব করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











