খবরবাংলা ডেস্ক :
ওপার থেকে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আর এপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস শোডাউন ও নাশকতার অভিযোগ। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে বিএনপি নেতাদের মারধরের ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সম্মুখসারির এনসিপি নেতারাও নিয়মিত হত্যা ও হামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। প্রতিরোধের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। তবে এসব ঘটনায় জামায়াতে ইসলামীর দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মসূচি বা অবস্থান না থাকায় প্রশ্ন উঠেছে দলটির ভূমিকা নিয়ে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার সুযোগ সরকার দিচ্ছে না। তাঁর মতে, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচারপ্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি হলে রাজনৈতিক ঐক্যের ভিত্তি তৈরি হতো।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। তবে সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে জামায়াত মাঠে থাকবে।
সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, শুরু থেকেই কঠোরভাবে পরিস্থিতি দমন করা হয়নি। এটি সরকারের বড় ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। তাঁর অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ কার্যকর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান নয়।
এদিকে, আওয়ামী লীগ প্রশ্নে জামায়াতের অবস্থান অস্পষ্ট—এমন অভিযোগ করে আসছেন বিএনপির অনেক নেতা। দল দুটির মধ্যে গোপন সমঝোতা বা আঁতাতের অভিযোগও উঠেছে। তবে জামায়াতের দাবি, পতিত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত নয়, বরং সরকারই তাদের সঙ্গে সমঝোতা করেছে।
এ বিষয়ে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, সরকার নিজেদের দায় এড়াতে উল্টো জামায়াতের দিকে আঙুল তুলছে। আওয়ামী লীগের হাতে জামায়াতের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা কারাবন্দি অবস্থায় মারা গেছেন। হামলা-মামলার শিকার হয়েছেন এবং আন্দোলনে জীবন দিয়েছেন। এমন একটি দলের সঙ্গে জামায়াত আঁতাত করবে—এমন অভিযোগ ভিত্তিহীন।
মহানগর পর্যায়ে প্রস্তুতির কথা জানাল জামায়াত
সহিংসতা মোকাবিলায় দলটির মহানগর পর্যায়ের নেতাদের প্রস্তুতি ও নির্দেশনা নিয়েও কথা বলেছেন সংশ্লিষ্ট নেতারা। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর জামায়াতের নেতাদের দাবি, যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তাদের ওয়ার্ড ও শাখা কমিটিগুলো সতর্ক রয়েছে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রতিটি শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র ও আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার যখন পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হবে বা আর কোনো উপায় থাকবে না, তখন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঘোষণার আলোকে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা মোকাবিলায় ঐকমত্য জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াতের অবস্থান এখনো শর্তসাপেক্ষ। দলটি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। ফলে সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য কতটা গড়ে উঠবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











