খবরবাংলা ডেস্ক :
গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লন্ডনে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
তিনি বলেন, যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।











