খবরবাংলা ডেস্ক :
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। নৃশংস ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১৮ সালে বিচারিক আদালত মামলাগুলোর রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগও হাইকোর্টের খালাসের রায় বহাল রাখেন। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সর্বসম্মতভাবে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় দেন।
দুই দশক পেরিয়ে গেলেও ২১ আগস্টের সেই ভয়াবহ হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বেদনাবিধুর ঘটনা হয়ে রয়েছে। নিহতদের স্মরণে প্রতিবছর দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।











