খবরবাংলা ডেস্ক :
সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে অর্থনৈতিক বিরোধের আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিসের আপিল আদালত তাকে সাবেক ক্লাবটিকে ৬০ হাজার ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পিএসজির ব্যাংক হিসাব জব্দের চেষ্টা নিয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন। চলমান বিরোধে এটিকে পিএসজির জন্য গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। ক্লাব ছাড়ার পর বকেয়া বোনাস ও বিভিন্ন প্রণোদনা বাবদ পিএসজির কাছে প্রায় ৬ কোটি ইউরো দাবি করেন তিনি।
ফরাসি ফুটবল লিগের আইনি কমিটির সমর্থন পাওয়ার পরও অর্থনৈতিক বিরোধের সমাধান না হওয়ায় ২০২৫ সালের শুরুতে বিষয়টি শ্রম আদালতে নিয়ে যান এমবাপ্পে। সেখানে পিএসজির ব্যাংক হিসাব জব্দের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই এবার উল্টো ৬০ হাজার ইউরো পরিশোধের নির্দেশ পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
অর্থের পরিমাণ পিএসজির জন্য বড় না হলেও আইনি ও নৈতিক দিক থেকে আদালতের এই সিদ্ধান্তকে ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।











