খবর বাংলা ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়টি ৮০৯ পৃষ্ঠার।
রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
ট্রাইব্যুনাল জানায়, রায়ে সাক্ষ্য-প্রমাণের বিস্তারিত মূল্যায়ন, বিচারিক বিশ্লেষণ এবং পুরো বিচারপ্রক্রিয়ার ন্যায়সঙ্গতা নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। এতে বলা হয়, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতায় আবু সাঈদের হত্যাকাণ্ড ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
আরও জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মামলার বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করা হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন, পাঁচজনকে ১০ বছর, আটজনকে ৫ বছর এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন আসামিকে হাজতবাসের সময়কে সাজা হিসেবে গণ্য করে দণ্ড ভোগ সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











