খবরবাংলা ডেস্ক :
ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা এবং আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার (৩ আগস্ট) মাদ্রিদে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।
ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং সেন্টারে অনুশীলনে নামার আগে নিয়মিত শারীরিক পরীক্ষা ও মেডিকেল সম্পন্ন করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ক্রীড়া মাধ্যম ইএসপিএন–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তিতে সমঝোতা না হলে চলতি দলবদল মৌসুমেই তাকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব ও খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠকের সময় নির্ধারণ হয়নি।
সোমবার রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাহিম দিয়াস দলে ফিরেছেন। শারীরিক পরীক্ষা শেষে নতুন কোচ হোসে মরিনহোর অধীনে তারা প্রথম অনুশীলন সেশনে অংশ নেন।
এদিকে, ভিনিসিয়ুস যদি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে আর্সেনালকে অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। যদিও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ সম্প্রতি প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে। ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। আগামী শনিবার ফেরেঙ্কভারোস-এর বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











