খবরবাংলা ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার লক্ষ্যে ফিলিপাইনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আনুষ্ঠানিক অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা অর্জের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











