খবরবাংলা ডেস্ক :
ফুটবলে নতুন এক নিয়ম চালু করেছে রোমানিয়া। শিশু ও কিশোরদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ ঠেকাতে এবার ব্যবহার করা হবে ‘কালো কার্ড’। ইউরোপের ফুটবলে এমন শাস্তিমূলক ব্যবস্থা এই প্রথম চালু হচ্ছে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক প্রতিযোগিতায় নতুন এই নিয়ম কার্যকর হবে। মাঠের বাইরে থাকা অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, শারীরিক আক্রমণ এবং শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেডারেশনের মতে, ফুটবল শিশুদের জন্য আনন্দ, শেখা ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত। কিন্তু অনেক সময় অভিভাবক ও দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা, চাপ এবং হতাশা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নতুন নিয়মের মাধ্যমে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।
নিয়ম অনুযায়ী, দর্শক বা অভিভাবকদের অসদাচরণ শুরু হলে রেফারি প্রথমে সতর্ক করবেন। এরপর কোচদের মাধ্যমে দর্শকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে এবং মাইকে সতর্কবার্তা দেওয়া হবে।
এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় দুই দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে সাজঘরে যেতে হবে।
খেলা পুনরায় শুরু হওয়ার পর একই ধরনের অসদাচরণ আবার ঘটলে রেফারি ‘কালো কার্ড’ দেখিয়ে ম্যাচ বাতিল করতে পারবেন। এভাবে ম্যাচ বন্ধ হয়ে গেলে সেটি আর পুনরায় শুরু করা যাবে না।
যেসব আচরণে ‘কালো কার্ড’ নতুন নিয়মের আওতায় পড়বে খেলোয়াড়দের উদ্দেশে গালাগালি বা অপমানজনক মন্তব্য, শিশু খেলোয়াড়কে ধাক্কা দেওয়া বা আঘাত করা, নিজ দলের কোচ ও কর্মকর্তাদের অপমান বা আক্রমণ, প্রতিপক্ষ খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ এবং রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের হুমকি বা শারীরিক আক্রমণ।
এ ছাড়া অভিভাবক ও দর্শকদের মধ্যে ঝগড়া বা শারীরিক সংঘর্ষ হলেও ব্যবস্থা নেওয়া হবে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, শিশুদের ওপর বড়দের উচ্চাকাঙ্ক্ষা, চাপ ও হতাশার নেতিবাচক প্রভাব কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ফুটবল পরিবেশ নিশ্চিত করতে ‘কালো কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।
তথ্য সূত্র : যমুনা টিভি











