খবর বাংলা ডেস্ক :
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ভোগান্তি বা যানজটের খবর পাওয়া যায়নি।
সোমবার (১ জুন) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রীদের ভিড় দেখা যায়। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। প্রতিটি ট্রেনে যাত্রীচাপ থাকলেও যাত্রা ছিল স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।
এদিকে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবুও কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি। নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে পুলিশ।
অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটেও ফিরতি যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে যানবাহনের দীর্ঘ সারি না থাকায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।
নৌপথেও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে অনেকেই পরিবারের সদস্যদের আগেই ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন। ছুটি শেষে তারাও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরেছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।
তথ্য সূত্র : যমুনা টিভি











