খবরবাংলা ডেস্ক :
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হতে পারে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
খসড়া নীতিমালায় একাদশ শ্রেণির মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। ১৮ সেপ্টেম্বর রাত ১১টার মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে। প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায়।
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।
খসড়া অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কেবল এই দুই বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। এছাড়া বিদেশি বোর্ডের সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির সুযোগ রাখা হয়েছে।
একাদশে অনলাইন আবেদনের ফি ২২০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে পুরো নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের আগে এতে পরিবর্তন বা সংশোধন হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











