খবরবাংলা ডেস্ক :
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সবাই অকৃতকার্য হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০২৫ সালে দেশের ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। একই সময়ে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৩১৫টি কমেছে, বিপরীতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
তথ্য সূত্র : যমুনা টিভি











