খবরবাংলা ডেস্ক :
গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাঁদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারপক্ষের আলোচনার পর কিছু কারখানার শ্রমিক কাজে ফিরেছেন। তবে শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সহিংসতা এড়াতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, সহিংসতার ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











