খবরবাংলা ডেস্ক :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা কবির হোসেন ওরফে কবীর হুজুর নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর। তারা উপজেলার পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। রোববার শিক্ষার্থীরা স্বজনদের কাছে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। পরে স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক কবির হোসেন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে শিক্ষক কবির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











