খবরবাংলা ডেস্ক :
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনা এবং স্থানীয় মানুষের বিনোদনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। প্রতিযোগিতাকে ঘিরে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার রুদ্রবানা নতুন বাজারের দক্ষিণ পাশে একটি বিস্তৃত মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য বাবর শেখের সার্বিক উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা মোট ২৬টি ঘোড়া অংশ নেয়। ঘোড়ার খুরের শব্দ আর প্রতিযোগীদের কসরত দেখতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে জড়ো হন। তাঁদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
আয়োজকদের সূত্রে জানা যায়, আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের ব্যবস্থা করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের বিনোদন দেওয়া এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা।
তথ্য সূত্র : যমুনা টিভি











