খবরবাংলা ডেস্ক :
রাঙ্গামাটির সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির এক দিনের অবরোধ কর্মসূচি পালনের পর সোমবার থেকে নতুন করে এ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কঠিন চীবর দান উপলক্ষে এক দিনের জন্য অবরোধ শিথিল করেছিল সংগঠন দুটি। তবে নির্ধারিত সময় শেষে আবারও সড়ক অবরোধ শুরু হয়েছে।
অবরোধের কারণে সাজেকের পর্যটন খাত ও হোটেল-রিসোর্ট ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে পর্যটক না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া।
তথ্য সূত্র : যমুনা টিভি











