গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রেজাউল হান্নান নামের এক সহকারী শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক অবশ্য দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ মে রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। একই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী এবং সরকারি বিধি অনুসারে গ্রেপ্তারের দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি শুধু খোরাকি ভাতা পাবেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সরকারি বিধি অনুযায়ী কোনো কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, সেই নিয়মেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বুধবার (৬ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।











