ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার (১১) ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, চারজন ছাত্রী একসঙ্গে মাদরাসার পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত এবং অপর দুইজনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ঘটনাটি ঘটার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।











