খবরবাংলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপ শেষ হতেই আবারও জমে উঠছে ইউরোপীয় ক্লাব ফুটবল। ফুটবলপ্রেমীদের অপেক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। এরই মধ্যে বাছাই পর্ব শুরু হয়েছে, আর এবার লিগ পর্বের ড্রয়ের তারিখও ঘোষণা করেছে উয়েফা।
উয়েফার ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। এটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।
নতুন ফরম্যাট অনুযায়ী, এবারও ৩৬টি ক্লাব লিগ পর্বে অংশ নেবে। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দল ৮টি করে প্রতিপক্ষ পাবে। প্রতিটি ক্লাব খেলবে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ।
ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দলগুলোও লিগ পর্বে জায়গা করে নেবে। প্লে-অফ শেষে ৩৬ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচ শুরু হবে ৮ সেপ্টেম্বর এবং চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট পর্ব।
এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন, স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে।











