খবরবাংলা ডেস্ক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা মন্ত্রীকে স্বাগত জানায়। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন লিউ হাই সিং।
শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তথ্য সূত্র : যমুনা টিভি










