কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশের এলাকায় এক আকস্মিক শক্তিশালী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঘাত হানা এই ঝড়ে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ও যানবাহন দুমড়েমুচড়ে যায়।
মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এ দুর্যোগে পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এই ভয়াবহ ঘটনায় অলৌকিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মিনিটের ঝড়ের আঘাতে কস্তুরীপাড়া বাজারের অন্তত ৮ থেকে ১০টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি দোকানের টিনের চালা বাতাসে অনেক দূরে উড়ে যায় এবং পাকা ও আধা-পাকা কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ে। একই সময়ে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে নিচে থাকা কয়েকটি যাত্রীবাহী অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ওপর আঘাত করলে সেগুলো দুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মুরগি ব্যবসায়ী সেলিম, কাপড় ব্যবসায়ী শাজাহান, মুদিদোকানি মোতালেব, প্রসাধনী ব্যবসায়ী স্বপ্না বেগম এবং জামাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জামাল উদ্দিনের নাম জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, আকস্মিক এই তাণ্ডবে তাদের দোকান ও ভেতরে থাকা মূল্যবান মালামালের মারাত্মক ক্ষতি হয়েছে, যার ফলে অনেকের ব্যবসার মূলধনের বড় একটি অংশই নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী বাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়ের তীব্রতায় কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী প্রধান সড়কের ওপর গাছ ও বড় বড় ডালপালা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে অফিসগামী চাকুরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং বিকেল পর্যন্ত সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল, স্থানীয় প্রশাসন ও এলাকার শত শত মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ঝড়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত আবেদন করতে বলা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সরকারি সহায়তার জন্য বরাদ্দ চাওয়া হবে।











