টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) উদ্যোগে গৃহহীন এক নারী আনসার সদস্যকে বিনামূল্যে ঘর হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যোগনী খোর্দ্দ গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম, ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল মজিদ মিয়া এবং আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা।
প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘরটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী নারী আনসার সদস্য নাজমা আক্তার। তিনি বলেন, “আমার থাকার মতো কোনো ঘর ছিল না। আজ মাথা গোঁজার ঠাঁই পেয়ে আমি খুবই আনন্দিত। আমার মতো অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি জানান, নাজমা আক্তারের নিজস্ব কোনো বসতঘর না থাকায় তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের বারান্দায় রাত কাটাতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে তাকে আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি ঘর নির্মাণ করে বিনামূল্যে হস্তান্তর করা হয়েছে।











