টাঙ্গাইল সদর সংবাদ দাতা
আদিবাসী জীবন ও ঐতিহ্য সুরক্ষায় এগিয়ে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির টাঙ্গাইল সদর শাখার উদ্যোগে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রায় ৪০ জনের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির টাঙ্গাইল সদর শাখার চেয়ারম্যান নিমান রায় বাগদি, সহসভাপতি অভিরাম দাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাস ও চ্যামেলী রায় বাগদি বক্তব্য দেন। এ সময় সুজন রায় বাগদি, সজীব চন্দ্র রায় বাগদি, পারুলি বাগদি, আল্পনা রায় ও চায়না রায়সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আদিবাসীদের জীবনমান উন্নয়ন, ভূমির অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে ১৩ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সংশ্লিষ্ট ধারা বাস্তবায়ন এবং দখলীয় শর্তে খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে বরাদ্দ দেওয়া।
এ ছাড়া বনায়নের নামে আদিবাসীদের জমি বন বিভাগের দখল ও মামলা-হয়রানি থেকে মুক্ত করা, আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তাদের সঙ্গে আলোচনা করা, নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং এসব এলাকায় অন্তত একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।
উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণ, আদিবাসী ও সংখ্যালঘু কমিশন গঠন, বাদপড়া আদিবাসীদের সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিও তুলে ধরা হয়।
পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথা চর্চার অধিকার নিশ্চিত করা এবং স্বাধীন ও পূর্বানুমতিসহ সম্মতি ছাড়া দখল করা ভূমি, ভূখণ্ড ও সম্পদ পুনরুদ্ধারের দাবিও জানানো হয়।
মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালি শেষে এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।











