“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনটি পালন করা হয়।
দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জনসেবা চত্বর ঘুরে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন।
আলোচনা শেষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।











