টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্যতামূলকভাবে পদক্ষেপ নিতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়।
সারোয়ার তুষার বলেন, “গণভোটের রায় সরকার চাইলেই উপেক্ষা করতে পারবে না। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর সরকারগুলোকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকারও যদি মনে করে বিষয়টি এড়িয়ে যেতে পারবে, তাহলে সেটি ভুল ধারণা।”
তিনি আরও বলেন, এনসিপি এখনই রাজপথে কর্মসূচিতে না গিয়ে সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করছে। গণমাধ্যমের সহায়তায় তাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারকে উদ্দেশ করে সারোয়ার তুষার বলেন, “সরকার যদি স্বতঃস্ফূর্তভাবে জনগণের রায় মেনে নেয়, সেটি ইতিবাচক হবে। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে।”
টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জমান শাওনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ স্থানীয় নেতারা।











