টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান।
এ মেলায় টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩টি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত এ বিজ্ঞান মেলা চলবে।











