টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৩৯ জন সুবিধাভোগীর হাতে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচে সহায়তা করতে এ অর্থ দেওয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
প্রধান অতিথির বক্তব্যে এসএম ওবায়দুল হক নাসির বলেন, জেলা পরিষদ সবসময় সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা এবং অসহায় মানুষের চিকিৎসায় দেওয়া এই সহায়তার পরিমাণ তুলনামূলক কম হলেও তা তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা পরিষদ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, অনুদানপ্রাপ্ত ব্যক্তি, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।











