খবর বাংলা ডেস্ক :
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওতাধীন এলাকাকে একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপিকে একাধিক অংশে ভাগ করা হলে পুলিশের কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
প্রেস সচিব আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার আয়তন ব্যাপকভাবে বেড়েছে এবং আগের মতো ছোট শহর আর নেই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ফলে এত বড় নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
বৈঠকে শহরের অপরাধ নিয়ন্ত্রণ কীভাবে আরও সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। ডিএমপিকে উত্তর-দক্ষিণে ভাগ করা হবে নাকি একাধিক ইউনিটে বিভক্ত করা হলে ভালো হবে—এ দুটি বিষয় নিয়েই মতবিনিময় করা হয়েছে বলে জানান শফিকুল আলম।
তিনি আরও জানান, একসময় গুলশান ও মিরপুর আলাদা পৌরসভা ছিল—সে সময়ের প্রশাসনিক মডেল নিয়েও আলোচনা হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











