খবর বাংলা ডেস্ক :
রাজধানী ঢাকায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উত্থাপিত ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলন চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগেরবারের তুলনায় এক দিন বেশি। তিনি বলেন, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি আরও জানান, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে বাছাই করে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব রয়েছে।
সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম তদারকি।
অতিরিক্ত সচিব জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে ৩ মে সন্ধ্যায়, স্পিকারের সঙ্গে ৪ মে এবং প্রধান বিচারপতির সঙ্গে ৫ মে বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান নির্ধারণ করা সম্ভব হবে এবং জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











