খবরবাংলা ডেস্ক :
ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আ ফ ম নিজাম উদ্দিন নামে ওই কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন এবং বর্তমানে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম উদ্দিন চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে প্রস্থান করেন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে প্রস্রাবে বেঞ্জোডায়াজেপিন এবং অ্যামফিটামিন ও মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এটিকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী এটি অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











