টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। বিএনপি কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়নি বলেই দলটি আজও মানুষের আস্থার জায়গায় রয়েছে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে উদার, আধুনিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির মিলনায়তনে সদর উপজেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জিয়া পরিবার এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর নির্যাতন চালানো হয়েছে, যার বাইরে কেউ নেই। আইনজীবীরাও তাদের ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এখন দলের সামনে একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, তারেক রহমান বারবার বলেছেন তিনি অতীতের বিভাজন নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে চান। বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সব সময় জাতীয় ঐক্যের কথা বলেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, অথচ বিভিন্ন সময়ে দেশকে বিভক্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে বিভাজন সৃষ্টির চেষ্টা হলেও তারেক রহমান অংশগ্রহণকারী সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির কোনো বিকল্প নেই, যেমন দেশনায়ক তারেক রহমানেরও কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত নেতাকর্মী ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, দলের স্বার্থে সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত ভুল থাকতে পারে, কিন্তু বিএনপি কোনো ভুল করেনি। তাই ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে এক হয়ে দলকে বিজয়ের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী ইমাম তপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান আইয়ুবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীও উপস্থিত ছিলেন।











