খবর বাংলা ডেস্ক :
সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নিচ্ছে, যা কার্যকর হলে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হতে পারেন। একই সঙ্গে নতুন পে স্কেলে পেনশনভোগীদের জন্যও বিশেষ সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি কার্যকর হতে পারে। নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হতে পারে। প্রথম ধাপে প্রায় ৩৩ শতাংশ পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় আগামী তিন বছরে পর্যায়ক্রমে পুরো পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও উপকৃত হবেন।
প্রস্তাব অনুযায়ী, মাসিক ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা রয়েছে।
এছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন প্রস্তাব এসেছে। এতে ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা মাসে ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীরা ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা পেতে পারেন।











