নাগরপুর সংবাদ দাতা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে টাঙ্গাইলের নাগরপুরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজা। উপজেলার ১২টি ইউনিয়নে এবার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
পূজা ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বেড়েছে ব্যস্ততা। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। মৃৎশিল্পীরা প্রতিমায় রং ও অলংকরণের শেষ ছোঁয়া দিতে ব্যস্ত সময় পার করছেন। মণ্ডপগুলোতে সিংহের পিঠে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করা হয়েছে।
উৎসবকে সামনে রেখে মণ্ডপ সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে। পূজার দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
নাগরপুর উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব ঝটুন কুমার সাহা বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, নাগরপুরের প্রতিটি মণ্ডপে আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।











