খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত U.S. Embassy Dhaka। তবে এই সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
তবে ভিজিটর ভিসা বা অস্থায়ী ভ্রমণ ভিসার ওপর এ স্থগিতাদেশ প্রভাব ফেলবে না। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চলমান থাকবে বলে জানিয়েছে দূতাবাস।
বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











