মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
‘শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরজু জমাদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাশিরুল ইসলাম বাদল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাবেক সভাপতি মির্জা মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইমন খান মনিরসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভা শেষে বিগত দিনে মৃত্যুবরণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষকরা কেবল শিক্ষকই নন, তাঁরা উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার কারিগর। একটি জাতির মূল মেরুদণ্ড হলো শিক্ষা, যার প্রধান চালিকাশক্তি শিক্ষক সমাজ। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, সুশিক্ষা এবং নৈতিকতায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি মানসম্পন্ন শিক্ষা, আর এই শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে শিক্ষকদের যথাযথ মর্যাদা, সামাজিক সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।
তাই শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একটি সুশিক্ষিত ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে বক্তারা দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।










