বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টায় সক্রিয় থাকার অভিযোগ উঠেছে আমার দেশ’ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধির বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এই অভিযোগ করেছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি।
বক্তৃতায় যা বলেন বিএনপি সভাপতি –
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “আমাদের সমাজে আমি মনে করি যে যেকোনো বিষয় জনগণের মাঝে উপস্থাপন করেন আপনাদের সাংবাদিক ভাইয়েরা। আমরা সকলেই আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় পরিবেশন করে থাকেন। কিন্তু আপনাদের মধ্যেই দেখা যায় যে কিছু কিছু সাংবাদিক আছেন যে তারা কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের দ্বারা প্ররোচিত হয়ে তারা সংবাদ পরিবেশন করেন।
তিনি সাম্প্রতিককালের একটা সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, সাম্প্রতিককালে ‘আমার দেশ’ পত্রিকায় একটা নিউজ হয়েছে কয়দিন আগে ডায়াবেটিস সমিতি নিয়ে। সেই হাসপাতালে আপনারা সকলেই জানেন যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে প্রশাসনের ডিসি সাহেব, এডিসি সাহেবের সমন্বয়ে একটা নির্বাচন কমিশন গঠন করেছি। তাতে ডিসি সাহেব আছেন, এডিসি সাহেব আছেন, আমাদের পক্ষ থেকে তিনজন—আমি ছিলাম, সানু সাহেব ছিলেন এবং আজগর সাহেব ছিলেন। সকলেই মিলে একটা নির্বাচনী প্রক্রিয়া করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। কিন্তু আপনাদের মধ্যে থেকে জনৈক পত্রিকা এবং জনৈক সাংবাদিক তিনি খবর প্রকাশ করেছেন। সেই সংবাদে আবার আমাদের মধ্যে মানে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য দুইজনের নাম উল্লেখ করেছেন, আমার এবং আজগর আলীর। সানু সাহেবের নাম উল্লেখ করেননি। কারণ কি? আমাদের মধ্যে যেন বাঁধে, সেই ব্যবস্থাটাও আপনাদের সাংবাদিকদের মধ্য থেকেই করেছে।
বক্তৃতায় তিনি বলেন, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের আমরা সবসময় আপনাদেরকে সম্মান করি, আপনাদের এই কর্মটাকে আমরা সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আপনারা যদি কোনো সংবাদ পরিবেশন করে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেন, জনগণকে বিভ্রান্তিতে ফেলে দেন, তাহলে আমরা তো অপ্রস্তুত হয়ে যাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পরিসর থেকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলব—যারা এইসব মিথ্যা সংবাদ পরিবেশন করে, তাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই আমি মনে করি যে অ্যাকশনে যাওয়া উচিত। এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, যারা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এইসব সাংবাদিকদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত।”
মূল অনুষ্ঠান –
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত এই প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি জনাব মামুনুর রহমান। এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










