মধুপুর সংবাদদাতা :
লংমার্চ করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সত্য তথ্য ও সত্য কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। দেশনায়ক তারেক রহমান অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি পরিস্থিতির মধ্য দিয়ে সরকার গঠন করেছেন। অন্যদিকে ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। তারপরও এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিরোধী দলও সরকারের অংশ। জনগণ তাদেরও ভোট দিয়েছে। তাই তাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে। কিন্তু তারা লংমার্চ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা বা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি না করে সত্য তথ্য ও সত্য কথা তুলে ধরতে হবে। এতে দেশের জনগণের মঙ্গল হবে।
মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), মধুপুর উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষক সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন। তবে শিক্ষক সংগঠন বা শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব না ফেলে শিক্ষার মানোন্নয়নে মনোযোগ দিতে হবে। যাতে মধুপুরের শিক্ষার্থীদের ফলাফল নিয়ে দেশজুড়ে গর্ব করা যায়।
তিনি বলেন, শুধু উন্নয়নের কথা বললে হবে না, আবার শুধু দাবি-দাওয়ার কথাও বললে চলবে না। শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার মান উন্নত হলে শিক্ষকদের অন্যান্য বিষয়েও উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, শিক্ষক আব্দুল মোতালেব ও স্বপন।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন –
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকারসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।











