খবর বাংলা ডেস্ক :
পহেলা বৈশাখ এলেই বাঙালির পাতে ইলিশ থাকার ঐতিহ্য নতুন কিছু নয়। তবে এবার সেই চিরচেনা দৃশ্য অনেকটাই ফিকে হয়ে গেছে। বাজারে ইলিশের সরবরাহ কম, আর যেটুকু পাওয়া যাচ্ছে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।
বরিশাল নগরীর বাজারগুলো ঘুরে দেখা যায়, দেড় হাজার টাকার নিচে কোনো ইলিশ মিলছে না। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার ২০০ টাকায়, যা সপ্তাহখানেক আগের তুলনায় প্রায় দেড় হাজার টাকা বেশি।
পোর্ট রোডের ইলিশ মোকামে গিয়ে দেখা যায়, অন্য বছরের মতো ঝুড়ি ভরা মাছ নেই। আড়তজুড়ে অনেকটা শূন্যতা, হাতে গোনা কয়েকজন বিক্রেতা অল্প পরিমাণ মাছ নিয়ে বসে আছেন। ক্রেতারা দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন।
৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়, ৫০০ গ্রাম মাছের দাম ২ হাজার টাকার কাছাকাছি। এমনকি ছোট আকারের ইলিশও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে।
একজন ক্রেতা বলেন, ইলিশ কিনবেন নাকি সংসার চালাবেন—এই দ্বিধায় পড়তে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ এলেই ইলিশের চাহিদা বাড়ে, কিন্তু এবার সরবরাহ সেই তুলনায় অনেক কম। সমুদ্র ও নদী—দুই জায়গাতেই মাছের সংকট রয়েছে।
অন্যদিকে মৎস্য বিভাগের মতে, নদীতে চর জেগে ওঠায় জাটকা ঠিকমতো সমুদ্রে যেতে পারছে না। ফলে ছোট মাছ আগেভাগেই ধরা পড়ছে এবং বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। পাশাপাশি সমুদ্র থেকেও মাছের সরবরাহ কমে গেছে।
এই পরিস্থিতিতে ইলিশের দাম কমার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এবারের বৈশাখে অনেকের পাতে ইলিশ না থাকার শঙ্কা তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











