খবরবাংলা ডেস্ক :
খুলনায় ভাত চুরি করে খাওয়ার অপবাদ দিয়ে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মামলার এজাহার অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং পরে মেসের ছাদে নিয়ে আবারও মারধর করা হয়। একপর্যায়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর সড়কের একটি মেসে থাকতেন। গত শুক্রবার রাতে সেখানে খাবার খাওয়াকে কেন্দ্র করে তাঁকে চুরির অপবাদ দিয়ে কয়েকজন শিক্ষার্থী ও অন্যদের মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নির্যাতনের পর আজমুলের ছাদ থেকে পড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানিয়েছেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রবিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











