টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে মাটির মা ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ‘মায়ের ঘর’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, টাঙ্গাইলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাহউদ্দিন টুকু। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশনের উপদেষ্টা এবং পদক্ষেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরী।
মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেখা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন এবং কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ও গবেষক ড. শহীদ মনজু, কবি ও অনুবাদক ড. ইউসুফ রেজা এবং জাসাস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইল শিক্ষা ও সাহিত্যের জেলা। মাটির মা ফাউন্ডেশনের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব প্রমাণ করে শিক্ষা ও সাহিত্যচর্চায় টাঙ্গাইল আরও এগিয়ে যাবে। সবাই মিলে একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে হবে।”











