খবরবাংলা ডেস্ক :
মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সোমবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাদের এই আসক্তি থেকে বের করে এনে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বিশ্ব আজ নানা যুদ্ধ ও সংঘাতে বিভক্ত। এমন পরিস্থিতিতে খেলাধুলা শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার শক্তিশালী মাধ্যম। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে খেলা উপভোগ করে। এ কারণে বিশ্বজুড়ে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার খেলাধুলার এই শক্তিকে গুরুত্ব দিয়ে ক্রীড়া শিক্ষা ও চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই নীতিকে সামনে রেখে খেলাধুলাকে শুধু বিনোদন বা শখের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











