খবরবাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য আবেদন করাই সবচেয়ে উপযুক্ত। অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে আবেদনটি অনুমোদন পাওয়া তুলনামূলক কঠিন হতে পারে।
এছাড়া, তৃতীয় কোনো দেশে ভিসার জন্য আবেদন করলে সেই আবেদনের বিপরীতে পরিশোধিত ভিসা ফি ফেরত দেওয়া হবে না বলেও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন দূতাবাস আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন রাখতে নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।











