খবরবাংলা ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেনের খামারে আবারও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ভোররাত ৩টার দিকে গোয়ালঘরের তালা ভেঙে চারটি গাভী ও তিনটি মহিষ নিয়ে গেছে চোরের দল। চুরি যাওয়া সাতটি গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে গবাদিপশুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে আটকে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখতে পান। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও গবাদিপশুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, তার বাড়িতে এটি বড় ধরনের গবাদিপশু চুরির দ্বিতীয় ঘটনা। প্রায় দুই বছর আগে তার বাড়ি থেকে পাঁচটি গাভী চুরি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরও সাতটি গবাদিপশু চুরি হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
একই বাড়িতে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এলাকায় সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করেছে। চুরি যাওয়া গবাদিপশু উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।











