খবরবাংলা ডেস্ক :
২০৩০ সালের মধ্যে দেশে ছয়টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আরও নয়টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের সংকট, রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ যেন না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।
তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে বাসভাড়া নিয়ন্ত্রণেও সরকার কার্যকর ভূমিকা নেবে।
বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে এসেছে। তবে প্রধানমন্ত্রীর বর্তমান সফরে বোয়িং কোম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন। তবে উড়োজাহাজ কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











