খবরবাংলা ডেস্ক :
প্রায় ৬০ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। এবার আর গ্রুপ পর্ব নয়, সরাসরি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামছে দুই দল।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।
বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরাই।
অবশ্য বিশ্বকাপের বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে দুই দল মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের।
সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ চারে ইংল্যান্ডকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠে।
এখন প্রশ্ন একটাই—১৯৬৬ সালের স্মৃতি ধরে রেখে কি শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা, নাকি ছয় দশক আগের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন? উত্তর মিলবে রোববার রাতের মহারণে।
তথ্য সূত্র : যমুনা টিভি











